
ফাইল ছবি
ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তান সফরে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন বলে জানিয়েছে এএফপি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার দাবি, তেহরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়েও একমত হয়েছে।
তিনি আরও বলেন, প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। এখন দুই পক্ষ আলোচনার টেবিলে বসলেই বড় ধরনের অগ্রগতি সম্ভব।

চুক্তি স্বাক্ষরের স্থান হিসেবে ইসলামাবাদের নাম আলোচনায় রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, যদি পাকিস্তানে চুক্তি সই হয়, তাহলে তিনি সেখানে যেতে পারেন।
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রচেষ্টায় সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ধন্যবাদ জানান ট্রাম্প।
এদিকে, গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাকিস্তান সফর প্রত্যাশিত ফল না দিলেও হোয়াইট হাউস দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






































