শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ এপ্রিল ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

এবার গোলাপি বেগমকে বিএনপি চেয়ারম্যানের বাড়ি উপহার


golapi begum

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ চলাকালীন শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের দুর্দশা বিএনপি’র তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সেসময় তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

সেসময় গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় তার বসবাসের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটি বাড়ি নির্মানের নির্দেশ দেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে (১৭ এপ্রিল ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী জেলার রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন– ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প