
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে সরকার একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠন করা হবে। তিনি বলেন, “গণমাধ্যম একটি বিশাল ও জটিল ইকোসিস্টেম। সরকার একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। একজন সর্বজনগ্রাহ্য বিশেষজ্ঞকে সামনে রেখে সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে, যাদের মতামতের ভিত্তিতেই স্থায়ী কমিশন গঠিত হবে।”
সাংবাদিকদের আইনি সুরক্ষা বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না। সরকার নীতিগতভাবে সব সাংবাদিককে পেশাগত নিরাপত্তার নিশ্চয়তা দেবে। মানহানি মামলাসহ অন্যান্য আইনি জটিলতাগুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে।”
বর্তমান যুগে তথ্যের অবাধ প্রবাহের চেয়ে ‘অপতথ্য’ বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এআই ও অ্যালগরিদমের এই যুগে তথ্যের সঙ্গে রং মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের লক্ষ্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, তবে সেই তথ্য অবশ্যই দায়িত্বশীল ও ‘ক্লিন ইনফরমেশন’ হতে হবে।”
অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জবাবদিহিরও প্রয়োজন রয়েছে। অধিকারের সঙ্গে কর্তব্য ও দায়বদ্ধতা ওতপ্রোতভাবে জড়িত। সভায় আরও বক্তব্য দেন মতিউর রহমান চৌধুরী, আব্দুস সালাম, দেওয়ান হানিফ মাহমুদ ও হাসান হাফিজসহ গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এবারের দিবসে বাংলাদেশের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।











































