
মার্কিন প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্প || ছবি: সংগৃহীত
ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
এক কৌতুকপূর্ণ মন্তব্যে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয়।
তিনি মজা করে বলেন, ভবিষ্যতে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারি।
তিনি বলেন, হয়তো এটা শেষ করার পর আমি ইসরায়েলে যাব, প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছি।
তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি ভালো আছেন, খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন।
এ সময় নেতানিয়াহুকে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েলে নেতানিয়াহুকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।
সূত্র: ইউএসএ টুডে।











































