মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য দেওয়ার জন্য সুপারিশ করে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তার ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’র কথা তুলে ধরে এই মনোনয়ন দিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি বাডি কার্টার। মঙ্গলবার (২৪ জুন) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কার্টার নোবেল কমিটিতে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ১২ দিনের সংঘাত থামাতে এবং একটি বড় আঞ্চলিক যুদ্ধ এড়াতে ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, ট্রাম্প ইরানকে মারাত্মক অস্ত্র অর্জন থেকেও বিরত রাখতে সক্ষম হয়েছেন।
সাম্প্রতিক এই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, আর পাল্টা জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। পরে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
কার্টার বলেন, “ট্রাম্পের প্রচেষ্টা শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ প্রতিরোধে নোবেল শান্তি পুরস্কারের আদর্শগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” এর আগে চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ড্যারেল ইসাও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন। নোবেল কমিটির তথ্যমতে, ২০২৫ সালের পুরস্কারের জন্য ৩৩৮ জন প্রার্থী রয়েছে।





































