মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ জুন ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শেয়ার

আল-আকসায় দুই শতাধিক অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর হানা


ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। বুধবার (২৫ জুন) মসজিদ কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় ২১৭ জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী পবিত্র স্থানে প্রবেশ করে।

স্থানীয় অধিকার গোষ্ঠী ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার জানিয়েছে, ১২৪ জন বসতি স্থাপনকারী সকালে মসজিদে জোরপূর্বক প্রবেশ করে এবং ৯৩ জন বিকেলের দিকে সেখানে প্রবেশ করে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গনে উস্কানিমূলক তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করেছে। এটি ইহুদিদের ‘সাপ্তাহিক উৎসব’ নামেও পরিচিত।

ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের সময় জরুরি অবস্থা জারির কারণে ১২ দিন বন্ধ থাকার পর মসজিদটি পুনরায় খোলার পর বসতি স্থাপনকারীদের ফের এই হানার ঘটনা ঘটলো।