
অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ২২.৫ বিলিয়ন ডলারের (৩০.৫ ট্রিলিয়ন ওন) অতিরিক্ত বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং। বৃহস্পতিবার সংসদে দেওয়া নিজের প্রথম ভাষণে তিনি এই আহ্বান জানান।
সিউল থেকে এএফপি জানায়, লি জে মিয়ং চলতি মাসেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্থলাভিষিক্ত হন। ইউন সামরিক আইন জারির পর গত ডিসেম্বরে অভিশংসিত হন এবং তৎপরবর্তীতে জরুরি নির্বাচনের মাধ্যমে লি দায়িত্ব গ্রহণ করেন।
লি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন, যখন দক্ষিণ কোরিয়া তার নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের মধ্যে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মুখোমুখি।
সংসদে দেওয়া ভাষণে লি বলেছেন, রপ্তানিনির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ শুল্কের কারণে চাপে রয়েছে। যদিও শুল্কটি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এবং উভয় দেশ জুলাইয়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করছে।
প্রস্তাবিত বাড়তি বাজেটের প্রায় ৪০ শতাংশ ব্যয় হবে সার্বজনীন ভোগ্যপণ্য কুপনের জন্য, যেখানে নাগরিক প্রতি সর্বোচ্চ ৫২০,০০০ ওন (প্রায় ৩৮০ ডলার) পাবেন।
লি’র এই প্রস্তাব সংসদে পাস হওয়ার ব্যাপারে আশাবাদী তার দল। কারণ লি’র দল মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টি সংসদের ৩০০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ।





































