বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
শেয়ার

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার ঘোষণা


yunus

জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ছয় মাস সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলে এ তথ্য জানান তিনি। বৈঠকের পর প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমে জানান।

গত ২৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়। কমিশনের মেয়াদ ছয় মাস হলেও চেয়ারম্যান জানান, তারা ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছেন এবং সময়ের আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবেন।

বেতন কাঠামো প্রণয়নে কমিশন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, ভাতা যৌক্তিকীকরণ, বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, পেনশন ও অবসর-সুবিধা, রেশন ও ভাতা যৌক্তিকীকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি দূরীকরণের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে স্বাস্থ্য বিমার গুরুত্ব তুলে ধরে বলেন, “বেতন বাড়ালেও একটি অসুখ অনেককে সর্বস্বান্ত করে দেয়, অথচ ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকতে পারে।”

জাতীয় বেতন কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।