বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা


Chief-Adviser
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর আশা, এ উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে। এ জন্য ব্রেন্ডেন লিঞ্চকে ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন, এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক।

তিন দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বাণিজ্যঘাটতি কমানো, তুলা ও সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি, জ্বালানি খাতে সহযোগিতা, এলপিজি আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে অধ্যাপক ইউনূস দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি দ্রুত স্বাক্ষরের আশা প্রকাশ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের স্বার্থের ঘনিষ্ঠ মিল রয়েছে। তাই প্রক্রিয়াটি আরও সহজ ও আশাব্যঞ্জক হয়ে উঠেছে।’ একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা ‘বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, স্বল্পসুদে ঋণপ্রবাহ নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেবে।

ব্রেন্ডেন লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক মনোভাবের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। তিনি শুল্ক চুক্তি ও আমদানি প্রতিশ্রুতি সময়মতো বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআরের দক্ষিণ এশিয়া-বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি, টেকসই উন্নয়নবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।