বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে


Bangladesh-Government
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের আগেই জমা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় বেতন কমিশন। সময়োপযোগী ও বাস্তবসম্মত কাঠামো তৈরির জন্য একাধিক বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন।

তিনি বলেন, ‘আমাদের ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি। একটি আধুনিক ও বাস্তবমুখী বেতন কাঠামো নিশ্চিত করতে আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করেছি।’

গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ তথ্য জানান।

কমিশন যে বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে রয়েছে- বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া ও চিকিৎসা-যাতায়াতসহ অন্যান্য ভাতা যৌক্তিকীকরণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়, সময়োপযোগী পেনশন ও অবসর সুবিধা নির্ধারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান মূল্যায়ন।

এ ছাড়া টেলিফোন, গাড়ি ও মোবাইল সংক্রান্ত আর্থিক সুবিধা পুনর্বিবেচনা, রেশন সুবিধা যৌক্তিকীকরণ এবং বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি দূরীকরণেও সুপারিশ করার কথা জানিয়েছে কমিশন।

প্রধান উপদেষ্টা বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা চালুর ওপর জোর দেন। তিনি বলেন, ‘বেতন বাড়লেও হঠাৎ অসুখে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। স্বাস্থ্যবীমা থাকলে পরিবার নিশ্চিন্তে থাকতে পারে। প্রতিবেশী দেশগুলোতেও এমন মডেল রয়েছে।’

উল্লেখ্য, এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।