
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইইউ।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশের সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস (এওএফএ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসান।
বাংলাদেশের বিভিন্ন জেলায় তরুণদের আকাঙ্ক্ষা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা শেয়ার করে ইইউ রাষ্ট্রদূত বলেন, “এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করা উচিত।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ রাজনৈতিক উত্তরণের পথে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইইউ অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। গণতান্ত্রিক উত্তরণে নেওয়া সংস্কার দ্রুত সম্পন্ন হওয়া দরকার, আর এ ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।”
বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে আগ্রহী হলেও বিনিয়োগ সুরক্ষায় একটি স্থিতিশীল পরিবেশ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ইইউ সম্পর্কের মূল ভিত্তি হলো মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা। ভবিষ্যতেও এই ক্ষেত্রগুলোতে ইইউ আরও জোরালোভাবে কাজ করবে।







































