বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শেয়ার

দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


pujo-prepairedআসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। বৈঠকে পূজার প্রস্তুতি, সার্বিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবার দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। সারাদেশে পূজা উদযাপনের প্রস্তুতি পুরোদমে চলছে। এসময় তাঁরা ধর্ম মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থায়ী দুর্গামন্দিরের জন্য জায়গা বরাদ্দ দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা। আপনার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের নিয়মিত খোঁজখবর রেখেছেন, যা আমাদের অনুপ্রাণিত করেছে।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “গত বছর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আপনি বলেছিলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে পাহারা বসিয়ে পূজা হবে এমন দেশ আমরা চাই না। আমরা চাই পূজা হোক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে—এই বক্তব্য আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হয়েছে।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ধর্ম মন্ত্রণালয় সকল ধর্মের প্রতিনিধিত্ব করে এবং কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অস্বচ্ছল মন্দির, প্যাগোডা ও গির্জাগুলোতে সহায়তা দেওয়া হচ্ছে এবং বিধবা নারী ও অনাথ আশ্রমগুলোর জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে যেন কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।