
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। বৈঠকে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে আছে- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন কর্মসূচি ‘তথ্য আপা প্রকল্প (তৃতীয় সংশোধিত)’, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের রিগ ক্রয়, কূপ খনন ও নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন, বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (তৃতীয় সংশোধিত)’, উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়), শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল ও যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল প্রকল্প। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে- খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প।
অন্যদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম সংশোধিত) এবং মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।







































