মঙ্গলবার । মে ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

স্বাধীনতার চেতনা পরিপন্থী জামায়াতের ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী


Nasiruddin Patwary

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই রাষ্ট্রে জামায়াতের মতো সংগঠনের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। তার মতে, জামায়াতের রাজনৈতিক আদর্শ ও অতীত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে অবস্থান করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘জামায়াত যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এই দেশকে আর কখনো অন্ধকারে ফেরানো যাবে না।’

নাসীরুদ্দীন বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশে বিশ্বাস করি, যেখানে ন্যায়, মানবতা ও সংহতি প্রধান ভিত্তি। এখানে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে সেই স্বাধীনতা যেন ষড়যন্ত্র বা বিভাজনের ঢাল না হয়। প্রশাসনে অনুপ্রবেশ, ধর্মের অপব্যবহার কিংবা বিভাজন সৃষ্টির রাজনীতি আর সফল হবে না।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ এখন শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনে যুক্ত। ‘যে মাটিতে শহীদদের রক্তে স্বাধীনতা এসেছে, সেই মাটিতে বিভাজনের রাজনীতি স্থান পাবে না,’ বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, দেশের স্বাধীনতা ও সংবিধানের মূল্যবোধ রক্ষা করা এখন সময়ের দাবি। ‘আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, বরং সুরক্ষা — বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার,’ তিনি যোগ করেন।

তবে তিনি ঘৃণার রাজনীতি নয়, মানবতার রাজনীতিতে বিশ্বাসের আহ্বান জানান। ‘যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমাদের দরজা খোলা। তারা যেন ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে। এই দেশ শত্রুতা নয়, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক,’ বলেন এনসিপি’র এই নেতা।