মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ নভেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
শেয়ার

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজার ৬৬০ প্রবাসীর নিবন্ধন


Postal ballate

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী।

প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে থাকা বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫, কানাডায় ৭ হাজার ৮৭, জাপানে ৬ হাজার ৪৫২, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন নিবন্ধন করেছেন।

ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্য দেওয়ায় সৌদি আরবসহ সাত দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। ইসি আজকেই পুনরায় চালুর চেষ্টা করছে।

ইসির ব্যাখ্যায় বলা হয়েছে, ঠিকানা ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দিতে না পারায় সমস্যা দেখা দেয়।

দূতাবাস ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা দেওয়ার বিষয়ে প্রবাসীদের জানানো হবে। অ্যাপটি ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

একই সঙ্গে সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু হয়েছে- যাতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

প্রবাসী ভোটারকে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখে নিবন্ধন করা যাবে। বিদেশে ব্যালট নিশ্চিতভাবে পেতে সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।