বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার

বাংলা ভাষার প্রথম এআইভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু


kagoj.ai

কাগজ ডট এআই এবং বাংলা ফন্ট জুলাই চালু করেছে আইসিটি বিভাগ

বাংলা ভাষার জন্য প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও প্রকাশনীর কাজে ব্যবহারের জন্য নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ উন্মোচন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই দুটি প্রযুক্তি সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এআই প্ল্যাটফর্ম ও ফন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি)। এ ছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে এআই ব্যবহারের সুযোগ দেবে। বাংলা ভাষার ডিজিটাল উন্নয়নে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন বক্তারা।

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে, যা কম্পিউটারভিত্তিক বাংলা লেখার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উদ্যোগটির আওতায় দেশের প্রায় ৪০টি নৃতাত্ত্বিক ভাষার কথিত রূপের প্রায় ১০ হাজার মিনিটের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে এসব ভাষাকে টেক্সট-টু-স্পিচ ও স্পিচ-টু-টেক্সট প্রযুক্তিতে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ওসিআর প্রযুক্তির মাধ্যমে হার্ড কপি নথিকে ডিজিটাল টেক্সটে রূপান্তর সহজ হবে এবং এপিআই উন্মুক্ত থাকায় বিভিন্ন সেবায় এই প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা।