
চীনের পতাকা। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে দুইজন অফিসিয়াল পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। কূটনৈতিক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নির্বাচনের আগেই ওই দুই পর্যবেক্ষক বাংলাদেশে এসে ভোটগ্রহণসহ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা তাদের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করবেন।
বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত ও ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এসেছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীন প্রথমবারের মতো তিনজন পর্যবেক্ষক পাঠিয়েছিল। সে সময় পশ্চিমা দেশগুলো পূর্ণাঙ্গ মিশন না পাঠালেও চীনসহ কয়েকটি এশীয় দেশ ছোট দল পাঠায়।
চীনের পররাষ্ট্র নীতিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপের নীতি গুরুত্বপূর্ণ। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং চীন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিদেশি পর্যবেক্ষকরা প্রাক-নির্বাচনী প্রস্তুতি, প্রচার, ভোটগ্রহণ ও ফল ঘোষণাসহ সব ধাপ পর্যবেক্ষণ করতে পারবেন। এ লক্ষ্যে ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া চলছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে চীনের বড় অঙ্কের বিনিয়োগ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নির্বাচন পর্যবেক্ষণে চীনের আগ্রহ বেড়েছে। এই উদ্যোগ নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।








































