বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার

তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে


tetulia

ফাইল ছবি

হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। শীতের কারণে গ্রামের মানুষ গরম কাপড় পরিধান করে কাজে বের হচ্ছেন।

তীব্র শীতে শীতার্ত মানুষের দুর্ভোগ বাড়লেও প্রয়োজনের তুলনায় সরকারি শীতবস্ত্র বিতরণ এখনো সীমিত বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে শীতের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে। তেঁতুলিয়াসহ পঞ্চগড় জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ এলাকায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি থাকে। তিনি বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।