
ফাইল ছবি
ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শক্তিগুলোকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, বিদেশি শক্তির সরাসরি সম্পৃক্ততায় ব্যাপক সহিংসতা ও প্রাণহানি ঘটেছে।
খামেনির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টরা ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক রাষ্ট্রদ্রোহের ঘটনায় ট্রাম্প ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশটি সীমান্তের বাইরে সংঘাত বাড়াতে চায় না, তবে দেশীয় ও আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না দিয়ে ছাড়বে না।
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা সরকারিভাবে জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার। ইরানি কর্মকর্তারা এর আগে কয়েকশ মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছিলেন।
বিশ্লেষকদের মতে, এই প্রথম খামেনি প্রকাশ্যে নিহতের সংখ্যা ‘হাজারের ঘরে’ বলে উল্লেখ করলেন, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবির সঙ্গে আংশিকভাবে মিলেছে।




































