
থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ দলের জয়ের পর বুধবার নারী দলও একই প্রতিপক্ষকে পরাজিত করে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরুতে অবশ্য বিপাকে পড়েছিল বাংলাদেশ। প্রথম দিকেই শ্রীলঙ্কা দুই গোলের লিড নেয়। তবে এরপর অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের নারীরা। কৃষ্ণা রাণী সরকারের পাস থেকে পরপর দুটি গোল করে সাবিনা ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কর্নার থেকে সাবিনার বাড়ানো বলে সুমাইয়া নিখুঁত শটে দলকে এগিয়ে দেন। এরপর শেষ পাঁচ মিনিটে আক্রমণের ঝড় তোলে বাংলাদেশ। কৃষ্ণা রাণী সরকারের দুর্দান্ত একক প্রচেষ্টায় আসে একটি গোল। সুমাইয়ার শট রিবাউন্ডে ফিরলে সুযোগ কাজে লাগান মাসুরা। পরে কৃষ্ণার আরেকটি গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল করলেও ফলাফলে কোনো প্রভাব পড়েনি।
এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দেশ। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে বাংলাদেশ নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। সব ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই শিরোপা জিতবে। অন্যদিকে, চার ম্যাচ শেষে পুরুষ দলের ঝুলিতে রয়েছে সাত পয়েন্ট।












































