শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ম্যাজিক বাউলিয়ানার শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন গাজীপুরের সোহাগ


Magic Bauliana

দেশের লোকসংগীতের সবচেয়ে বড় ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর মহোৎসব বা গ্র্যান্ড ফিনালে গত শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে আসা কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা সেরা পাঁচজনের তুমুল লড়াই শেষে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন গাজীপুরের কৃতি সন্তান সোহাগ নূরী।

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন নওগাঁর এনামুল হক। এ ছাড়া চুয়াডাঙ্গার রজনী খাতুন চতুর্থ এবং গোপালগঞ্জের আঁখি আক্তার পঞ্চম স্থান অধিকার করেন।

আসরের চ্যাম্পিয়ন সোহাগ নূরীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকার চেক। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা। বাকি দুই ফাইনালিস্টকেও তাঁদের মেধার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আসরের তিন প্রধান বিচারক বিখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল, চিরকুট ব্যান্ডের ভোকাল নিগার সুলতানা সুমি এবং জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু।

Magic Bauliana

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের লোকসংগীতের বৈচিত্র্য ও গভীরতা এতটাই বিশাল যে শত বছর আগের গানও আজ আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। এই অমূল্য ঐতিহ্যকে তরুণ প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়া এবং তা সংরক্ষণের প্রয়াসে যাঁরা শুরু থেকে পাশে ছিলেন, তাঁদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

পুরো অনুষ্ঠানটি ছিল সুর ও ছন্দের এক অপূর্ব সংমিশ্রণ। অনুষ্ঠানের শুরুতে থিম সং পরিবেশনার পর একে একে সেরা পাঁচ প্রতিযোগী তাঁদের বাছাইকৃত লোকসংগীত গেয়ে শোনান। এবারের গ্র্যান্ড ফিনালের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বরেণ্য লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। প্রতিযোগীদের একক পরিবেশনার পাশাপাশি তিন বিচারক শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়ার সম্মিলিত কণ্ঠে ‘তিন পাগলের মেলা’ গানটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই শেকড়ের সুরকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল ‘ম্যাজিক বাউলিয়ানা’। এবারের আসরের ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে মিডিয়াকম লিমিটেড।