শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার

৩২ চলচ্চিত্রে সরকারি অনুদান,আবেদনের সময় বাড়লো


camera

২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময়সীমা আবারও বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী নির্মাতারা আগামী ১ মার্চ পর্যন্ত তাঁদের পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেওয়ার সুযোগ পাবেন।

এর আগে কাহিনী, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ জানুয়ারি। সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র শিল্পের প্রসার এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ৩২টি চলচ্চিত্রে সরকারি অনুদান দেওয়া হবে। এই লক্ষ্যে প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করা হয়েছে।

আগ্রহী আবেদনকারীদের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য উভয় ক্ষেত্রেই একটি মূল কপিসহ মোট ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা দেশের চলচ্চিত্র অঙ্গনে পেশাদারিত্ব ও সৃজনশীলতার পরিচয় দিতে চান, তাঁদের জন্যই এই বিশাল সুযোগ রাখা হয়েছে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প