রবিবার । মার্চ ১৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

নাগরিকত্ব আইন নিয়ে সুখবর দিলো ইতালি


italy

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ও আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। নতুন বছরের শুরুতেই দেশটিতে বসবাসরত অভিবাসীদের জন্য এ সংক্রান্ত একগুচ্ছ সুবিধার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত ২০২৬ সালের নতুন বাজেটে এই আইনটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সুফল পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা।

নতুন এই আইনের ফলে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ডিজিটাল ট্রান্সফরমেশনের অংশ হিসেবে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে শুরু করবেন।

স্বয়ংক্রিয় ভেরিফিকেশন ও দ্রুত ফাইল নিষ্পত্তি আগে নাগরিকত্বের একটি আবেদন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে কয়েক বছর সময় লেগে যেত। এখন সব তথ্য ন্যাশনাল রেজিস্ট্রি অব রেসিডেন্ট পপুলেশনের (এনপিআর) মাধ্যমে ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকায় আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এতে ফাইল নিষ্পত্তির গতি বহুগুণ বাড়বে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর ব্যবহার যারা ইতালিতে টানা ১০ বছর বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করেছেন, তাদের আবেদনের জট কমাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হবে। এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ডাটা যাচাই করা হবে, যার ফলে অযথা ফাইল পড়ে থাকার অনিশ্চয়তা আর থাকবে না। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার সঠিক মূল্যায়ন পাবেন আবেদনকারীরা।

বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বিশেষ সুযোগ ২০২৬ সালের নতুন বাজেট আইন অনুযায়ী, ইতালির বাইরে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। এছাড়া ১ জানুয়ারি ২০২৬ থেকে এ ধরনের অনেক নাগরিকত্ব ঘোষণার ক্ষেত্রে ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে, যা অভিবাসী পরিবারগুলোর জন্য বড় স্বস্তির খবর।

স্মার্টফোনে লাইভ ট্র্যাকিং সুবিধা ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে এই পুরো সিস্টেমটি সক্রিয় হওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদনকারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে স্পিড (SPID) বা সিআইই (CIE) ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন। অনেকটা পাসপোর্টের আবেদনের মতো নাগরিকত্বের আবেদনের বর্তমান অবস্থাও এখন নখদর্পণে থাকবে।

স্থানীয় প্রবাসীরা বলছেন, যারা নতুন করে ইতালিতে আসছেন বা সিজনাল ভিসায় এসে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশটির মূলধারার অর্থনীতি ও সমাজে যুক্ত করতে আগ্রহী।