বুধবার । মার্চ ৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
শেয়ার

চীনে মিলল জুরাসিক যুগের উভচরের প্রথম পায়ের ছাপ


china u

চীনের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বেইজিংয়ে মধ্য জুরাসিক স্তরের উভচর প্রাণীর পায়ের ছাপের জীবাশ্ম পাওয়া গেছে। এশিয়ায় জুরাসিক যুগের উভচর ট্র্যাক ফসিলের প্রথম রেকর্ড এটি। গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল ইকনস-এ প্রকাশিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার এশিয়াজুড়ে জুরাসিক যুগের উভচর প্রাণীর ট্রেস ফসিল গবেষণার একটি বড় শূন্যতা পূরণ করেছে। একই সঙ্গে প্রায় ১৬ কোটি বছর আগে উত্তর চীনের ভূপ্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য বোঝার ক্ষেত্রে দিয়েছে সূত্র।

একটি পাথরের স্ল্যাবে সংরক্ষিত রয়েছে দুটি পায়ের ছাপ। বেইজিংয়ের মেনথৌকৌ জেলার লংছুয়ান শহরের একটি সড়কের পাশের ঢালে এগুলো পাওয়া যায়। ছাপ দু’টি সামনে ও পেছনের পায়ের সংযুক্ত জোড়া হিসেবে রয়েছে বলে জানান চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস (বেইজিং)-এর আর্থ সায়েন্সেস অ্যান্ড রিসোর্সেস স্কুলের সহযোগী অধ্যাপক ও ডাইনোসর বিশেষজ্ঞ সিং লিতা।

দুটি ছাপের আকার, দূরত্ব এবং প্রায় একই দিকে মুখ করে থাকায় গবেষকরা মনে করেন, এগুলো সম্ভবত একই প্রাণীর হাঁটাচলার সময় তৈরি।

ছাপগুলোর একটি ছোট প্রাণীর বাম সামনের পায়ের ছাপ বলে জানিয়েছেন গবেষকরা। এতে চারটি চিকন ও সূচালো আঙুলসহ পাখার মতো ছড়িয়ে থাকা স্পষ্ট আকৃতি দেখা যায়। পুরো তালুর দৈর্ঘ্য মাত্র দেড় সেন্টিমিটার এবং প্রস্থ ১ দশমিক ৩ সেন্টিমিটার।

এই ক্ষুদ্র ছাপ থেকে সর্বোচ্চ তথ্য বের করতে গবেষকরা ফটোগ্রামেট্রিক থ্রিডি মডেলিং প্রযুক্তি ব্যবহার করেছেন। এতে নির্ভুলভাবে থ্রিডি ডিজিটাল মডেল তৈরি করা হয়, যা ছাপের পৃষ্ঠের সূক্ষ্মতম বৈশিষ্ট্যও তুলে ধরে এবং গঠনগত বিশ্লেষণের জন্য উপাত্ত দেয়।

এই আবিষ্কার ইঙ্গিত দেয়, মধ্য জুরাসিক যুগে ইয়াওপো ফরমেশন গঠনের সময় বেইজিংয়ের হ্রদ-জলাভূমি পরিবেশে ছোট আকারের উভচর প্রাণী বাস করত। তারা প্রচুর ফার্ন, গিংকো ও সাইক্যাড উদ্ভিদের সঙ্গে সহাবস্থান করে একটি জটিল ইকোসিস্টেম গড়ে তুলেছিল।

আরও চমকপ্রদ বিষয় হলো—এই গুরুত্বপূর্ণ জীবাশ্মটি প্রথম খুঁজে পায় বেইজিংয়ের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও জীবাশ্মপ্রেমী নি চিংচেন। ২০২৫ সালের শুরুতে মেনতোউগৌ এলাকায় ঘুরে দেখার সময় তিনি পাথুরে ঢালে এটি চোখে পড়তে দেখেন।

সূত্র: সিএমজি