রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪০০ ফাঁসির আসামি


jail-postal-ballote

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের কারাবন্দিরা ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে চারশরও বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, এসব ফাঁসির আসামির বিরুদ্ধে আদালতের রায় হয়েছে এবং আপিল প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং আলাদা খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার পেয়েছেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে সোমবার (৩ ফেব্রুয়ারি) বুথের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে কারাবন্দিদের ইচ্ছা অনুযায়ী নিবন্ধন করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে মোট ৫,৬৯০ জন কারাবন্দিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চারশরও বেশি আসামি রয়েছেন।

এছাড়া ভোটারদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সচিব এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। এই উদ্যোগ দেশের কারাবন্দিদের ভোটাধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।