
দীর্ঘদিন অভিনয়ের পর্দায় নিয়মিত না থাকলেও সম্প্রতি রাজনীতির মাঠে সরব বিচরণ দেখা যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শাহেদ আহমেদের। এবার তিনি সরাসরি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আলোচনায় এসেছেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন এই অভিনেতা।
ফজলুর রহমানের জন্য ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহেদ আহমেদ একটি বিস্তারিত বার্তা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভোট কেবল কাগজের একটি সিল নয়, বরং এটি ভোটারদের ভবিষ্যৎ এবং সন্তানদের আগামীর সিদ্ধান্তের প্রতিফলন। তিনি কিশোরগঞ্জ-৪ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফজলুর রহমান এমন একজন নেতা যিনি শুধু নির্বাচনের সময় নন, বরং সারা বছর মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন।
শাহেদ আরও বলেন, ফজলুর রহমান সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। তিনি দুর্নীতি, দখলদারি বা অন্যায়ের রাজনীতি করেন না, বরং জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাস করেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি কোনো কাগুজে প্রতিশ্রুতি দেন না, বরং বাস্তবমুখী সমাধানের কথা বলেন। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের বিষয়ে তার স্পষ্ট ও ভবিষ্যৎমুখী পরিকল্পনা রয়েছে।
অভিনেতা শাহেদ আহমেদ মনে করেন, ধর্ম-বর্ণ ও দল-মতের ঊর্ধ্বে উঠে কিশোরগঞ্জ-৪ আসনকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপ দিতে ফজলুর রহমানের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে তাকে একবার সুযোগ দিলে এলাকার ভবিষ্যৎ বদলে যাবে। কিশোরগঞ্জের মাটির মানুষ হিসেবে ফজলুর রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন বলে শাহেদ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।










































