শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার

ঈদে আসছে চার নারীর গল্পে প্রেশার কুকার 


pressure cooker

শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। শনিবার সন্ধ্যায় সিনেমাটির ফার্স্ট অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। পোস্টারটিতে শবনম বুবলীর সঙ্গে দেখা গেছে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে। ঢালিউডের প্রচলিত ধারার বাইরে গিয়ে কোনো নায়ক ছাড়াই এই সিনেমাটি সাজানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন চার নারী। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তব চিত্র এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে নির্মাতা রায়হান রাফী ফেসবুকে লিখেছেন, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকারের মতো, যেখানে তাদের নিরব চিৎকার অনেক সময় সিটির মতো বেজে ওঠে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিটি প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।

Bubly

শবনম বুবলী

উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে সিনেমা নিয়ে ফিরছে ইমপ্রেস টেলিফিল্ম। এর আগে ২০০৪ সালে তাদের সর্বশেষ সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ঈদে মুক্তি পেয়েছিল।

‘৭ নাম্বার ফ্লোর’ সিনেমার পর এটি রায়হান রাফী ও বুবলী জুটির দ্বিতীয় কাজ। নতুন এই সিনেমা প্রসঙ্গে বুবলী জানান, গল্পের ভিন্নতা এবং চরিত্রের গভীরতা তাঁকে এই কাজের প্রতি বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। ঢালিউডে নায়কনির্ভর সিনেমার ভিড়ে শতভাগ নারীকেন্দ্রিক এই গল্পটি বাণিজ্যিক সিনেমায় নতুন এক ধারা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।