
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক নির্দেশনায় তার নামে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সংস্থার চিঠিতে উল্লেখ করা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারার আওতায় এই তথ্য চাওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, আসিফ মাহমুদের হিসাব খোলার ফরম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) তথ্য, লেনদেনের পূর্ণ বিবরণীসহ সংশ্লিষ্ট সব নথি তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়।



































