
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থা।
আজ বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
দুটি বিশেষ ফ্লাইট ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে পরিচালিত হবে। ঢাকা-দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমিরেটস ও এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, প্রবাসীদের এই সংকটে পাশে দাঁড়ানোকে তারা একটি মানবিক দায়িত্ব হিসেবে দেখছে।



































