বুধবার । মার্চ ৪, ২০২৬
বাসস দেশজুড়ে ৪ মার্চ ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
শেয়ার

রোগী সেজে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি


Madaripur MP

আগাম ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন

রোগী সেজে হঠাৎ মাদারীপুর জেলায় ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

আজ বুধবার (৪ মার্চ) সকালে কোন ধরণের আগাম ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকালে সাধারণ রোগীর মতো বহিঃবিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে নিজের পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে তারা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না—তা খোঁজখবর নেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে এসেছেন, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

তিনি সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তবে কিছু সীমাবদ্ধতা ও সমস্যার কথা উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সেসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।