
‘আইআরআইএস ডেনা’ ।। ছবি: উইকিপিডিয়া
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের একটি সামরিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৩২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শ্রীলঙ্কা সরকার আল জাজিরাকে জানিয়েছে, ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ বুধবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে (গ্রিনিচ সময় ০০:৩০ থেকে ০১:৩০) বিপদ সংকেত পাঠায়। জাহাজটি দক্ষিণ শ্রীলঙ্কার গলের উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৫ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
বিপদ সংকেতের কারণ এখনো জানা যায়নি। জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু সদস্য ছিলেন। নিখোঁজদের উদ্ধারে সমুদ্র ও আকাশপথে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
ইরানি ফ্রিগেটটি গত মাসে ভারতের পূর্ব উপকূলীয় শহর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে ছিল।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ দেশটির সংসদে জানান, নৌবাহিনী জাহাজটির বিপদের তথ্য পাওয়ার পরই সরকার উদ্ধার অভিযানে নৌজাহাজ ও বিমানবাহিনীর উড়োজাহাজ পাঠায়।
শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটি যেখানে ডুবেছে সেখানে অন্য কোনো জাহাজ বা উড়োজাহাজের উপস্থিতি দেখা যায়নি।
গলের একটি হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার প্রতিবেদক মিনেল ফার্নান্দেজ জানান, আহত নাবিকদের সেখানে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় ১৫০ জন অন্যান্য ক্রু সদস্যের কী হয়েছে, তা এখনো নিশ্চিত নয় এবং শ্রীলঙ্কার কর্মকর্তারা ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার কারণ জানতে দুইজন ইরানি কর্মকর্তাকে গলে পাঠানো হয়েছে, তারা জীবিত উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে কথা বলবেন।


































