
সংগৃহীত ছবি
ভারতের আসামে সুখোই সু-৩০ এমকেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর দুই পাইলট প্রাণ হারিয়েছেন। গত রাতে কার্বি আংলং জেলায় এই দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় বিমানবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। নিহত দুই কর্মকর্তা হলেন—স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতীয় বিমানবাহিনী জানায়, নিহত দুই পাইলটের মৃত্যুতে বাহিনীর সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং এই দুঃসময়ে তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
জানা গেছে, একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে থাকা অবস্থায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। যুদ্ধবিমানটি আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
সুখোই সু-৩০ এমকেআই মূলত রাশিয়ার নকশা করা একটি অত্যন্ত শক্তিশালী দুই আসনের বহুমুখী যুদ্ধবিমান। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি করছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ২৬০টিরও বেশি এ ধরনের যুদ্ধবিমান রয়েছে।





































