
উত্তর কোরিয়াকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম
বিশ্ব ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানের লড়াইয়ে উত্তর কোরিয়াকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে পুরোদমে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতার ‘ত্রং ডং স্টেডিয়াম’-এর নির্মাণকাজ। ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই বিশাল ক্রীড়া স্থাপনাটি ফুটবল বিশ্বের জন্য এক নতুন বিস্ময় হয়ে আসছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার ‘রানগ্রাডো ফার্স্ট অফ মে’ স্টেডিয়ামকে টেক্কা দিতেই এই মেগা প্রকল্প হাতে নিয়েছে ভিয়েতনাম। উত্তর কোরিয়ার স্টেডিয়ামটির ধারণক্ষমতা ১ লাখ ৩০ হাজার হলেও ভিয়েতনামের এই নতুন ভেন্যুতে আরও ৫ হাজার আসন বেশি থাকবে। ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে স্টেডিয়ামটি উদ্বোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আধুনিক স্থাপত্যের এই নিদর্শনে থাকছে ‘রিট্র্যাকটেবল ছাদ’, যা প্রয়োজন অনুযায়ী খোলা বা বন্ধ করা যাবে। ফলে আবহাওয়া যাই হোক না কেন, সারা বছরই এখানে ফুটবল ম্যাচের পাশাপাশি বড় মাপের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, এই স্টেডিয়াম নির্মাণের ফলে ভবিষ্যতে ফিফা বিশ্বকাপ, এশিয়ান কাপ কিংবা অলিম্পিকের মতো মেগা ইভেন্ট আয়োজনের দৌড়ে ভিয়েতনাম শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে।






































