
ছবি: সংগৃহীত
এএফসি নারী এশিয়ান কাপে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে ভারত। শনিবার (৭ মার্চ) অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে জাপানের মেয়েদের কাছে ১১-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। এই জয়ে গ্রুপসেরা হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল জাপান, অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ভারতের।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জাপানি স্ট্রাইকাররা। দলের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন মিয়াজাওয়া ও রিকো উয়েকি। এছাড়া কিকো সেইকে করেছেন জোড়া গোল। বাকি তিন গোল এসেছে ইয়ামামোতো, হাসে গাওয়া ও হিজিকাতার পা থেকে। পুরো ম্যাচে ভারত কোনো প্রতিরোধই গড়তে পারেনি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত। জাপানের কাছে এই বিশাল হারের পর নকআউট পর্বে ওঠার সব পথ বন্ধ হয়ে গেল তাদের। আগামী ১০ মার্চ চাইনিজ তাইপের বিপক্ষে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ খেলবে তারা। অন্যদিকে, একই দিনে ভিয়েতনামের মুখোমুখি হবে উম্মাদনায় থাকা জাপান।
এশিয়ায় মেয়েদের এই শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে ভারত ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশও ইতিমধ্যে তাদের দুটি ম্যাচ শেষ করেছে। চীনের বিপক্ষে ২-০ গোলে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ ব্যবধানে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে ভারতের বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশের আশা এখনো টিকে আছে। আগামী ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বে ওঠার গাণিতিক সম্ভাবনা বজায় থাকবে সাবিনাদের।






































