মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শেয়ার

জেলগেটে আ.লীগ নেতাকে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি


faridpur-news

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে জেলগেটে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দুই রাজনৈতিক নেতার একে অপরকে মালা পরিয়ে দেওয়ার দৃশ্যটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কারামুক্ত ম. ম. সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি। এই আন্দোলনের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং পরদিন পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

জেলগেটে ম. ম. সিদ্দিক মিঞাকে স্বাগত জানিয়ে এমপি শহিদুল ইসলাম বাবুল তার ফেসবুক পেজে লেখেন, ‘নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তার সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ, আজ সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলেন। আমি নিজে জেলগেটে থেকে তাকে রিসিভ করলাম।’ অন্যদিকে, কারামুক্তির পর ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিঞা তার মুক্তির জন্য নবনির্বাচিত এমপি বাবুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আলগী ও হামিরদী ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার গেজেট প্রকাশ করলে ফুঁসে ওঠে এলাকাবাসী। মহাসড়ক ও রেলপথ অবরোধসহ টানা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সিদ্দিক মিঞা। পরবর্তীতে উচ্চ আদালতের হস্তক্ষেপে ওই ইউনিয়ন দুটি পুনরায় ফরিদপুর-৪ আসনেই ফিরে আসে এবং গত নির্বাচনে এখানকার বাসিন্দারা আগের আসনেই ভোটাধিকার প্রয়োগ করেন।