
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে আবারও হয়রানিমূলক মামলার সংস্কৃতি ফিরে এসেছে, যা আগে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে দেখা গিয়েছিল। তিনি বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং মামলা দিয়ে তাদের কণ্ঠরোধ করা যাবে না।
রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। একজন পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।”
তিনি আরও বলেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগের মতো দেখতে চান না। তার ভাষ্য, বিএনপি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল। তবে দলটি যদি জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে কিংবা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতা–কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তারা তা মেনে নিয়েছেন, তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না।
এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের নেতারা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারাও উপস্থিত ছিলেন।










































