
অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা কর্মসূচি থেকে তাকে আটক করে পুলিশ। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে অধ্যাপক জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। সেদিন ‘গণকান্না’ কর্মসূচি ঘোষণা করে সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
আজ সকালে তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়ে পদযাত্রা শুরু করেছিলেন। পদযাত্রা চলাকালে গুলিস্তান এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।










































