
এক নজরে ইরান যুদ্ধের ১৪তম দিন: কী ঘটছে যুদ্ধক্ষেত্রে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ১৪তম দিনে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানের মিত্ররা উপসাগরীয় বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এরই মধ্যে ওয়াশিংটনে যুদ্ধের বিস্তার নিয়ে রাজনৈতিক চাপও বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় যা জানা গেছে—
ইরানে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন। গত সপ্তাহে তার বাবা নিহত হওয়ার পর তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো বন্ধ না করা হলে ইসরায়েল এবং মার্কিন সামরিক সম্পদের ওপর হামলা অব্যাহত থাকবে।
শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে নতুন করে “ব্যাপক” বিমান হামলা চালিয়েছে। হামলার ফলে শহরের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
এদিকে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরে যাওয়ার একমাত্র নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারেরও বেশি ছাড়িয়ে গেছে। ইরান জানিয়েছে, প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অন্য জাহাজগুলোকে পার হওয়ার জন্য ইরানের অনুমতি নিতে হবে।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছর পর্যন্ত।
উপসাগরীয় দেশগুলোতে
মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তেলবাহী জাহাজ ও স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।
বাহরাইন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তারা ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ১৯০টি ড্রোন ভূপাতিত করেছে।
সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ১০টি ড্রোন প্রতিহত করা হয়েছে এবং পরে আকাশসীমা লঙ্ঘনকারী আরও ২৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল থেকে তাদের অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং নাগরিকদের যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচল ত্যাগ করতে বলেছে।
কাতারের আকাশসীমা আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও আটকে পড়া নাগরিক ও বাসিন্দাদের ফেরাতে কাতার এয়ারওয়েজ ১৪০টির বেশি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
এদিকে কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে প্রভাব ফেলতে তারা এলএনজি উৎপাদন বন্ধ করেছে—ইসরায়েলি গণমাধ্যমের এমন দাবি সঠিক নয়। কর্মকর্তারা বলেছেন, ইরানি ড্রোন হামলার কারণে বাধ্য হয়েই উৎপাদন সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে।
যুক্তরাষ্ট্রে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত এগোচ্ছে এবং মার্কিন সামরিক শক্তি অতুলনীয়। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতার মন্তব্যের বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।
যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ২৫০টির বেশি সংগঠন কংগ্রেসের কাছে চিঠি দিয়ে যুদ্ধের অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, যুদ্ধের প্রথম ছয় দিনেই ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দেশের জরুরি সামাজিক খাতে ব্যয় হওয়া প্রয়োজন।
মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, আপাতত ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর প্রয়োজন দেখছেন না, তবে সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে।
ইসরায়েলে
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে ইরানের বিপ্লবী গার্ডের সহযোগী বাহিনী বাসিজের চেকপোস্টে হামলা চালিয়েছে, যাতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ দুর্বল করা যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে শাসন পরিবর্তনের পরিস্থিতি তৈরি করা সম্ভব, তবে রাস্তায় নামা ইরানের জনগণের ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্প ভূগর্ভে সরিয়ে নেওয়া ঠেকানোই ইসরায়েলের লক্ষ্য।
লেবানন ও ইরাকে
ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, তারা বিমানটি ভূপাতিত করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমানটি বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় দুর্ঘটনায় পড়েছে এবং এটি শত্রুপক্ষের হামলার ফল নয়। এ ঘটনায় বিমানের ৬ জন ক্রু নিহত হয়েছে।
ইরাকি জলসীমায় মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার পর দেশটির বন্দর কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে ড্রোন হামলায় ছয়জন ফরাসি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সিডনের কাছে আরকি গ্রামে এক হামলায় পাঁচ শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯৮ জন শিশু। টানা হামলার কারণে প্রায় ৭ লাখ থেকে সাড়ে ৭ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।





































