
জব্দকৃত আলামত। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে এক বাংলাদেশি যুবককে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে দুই স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জোহর বারুর ইস্কান্দার পুতেরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার সান।
বিবৃতিতে বলা হয়, গত সোমবার (৯ মার্চ) রাতে তামান নুসা বেস্তারি এলাকা থেকে ৪০ ও ৪১ বছর বয়সী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে ইমিগ্রেশন পুলিশ পরিচয়ে পথ রোধ করে আটকে রাখা এবং মুক্তিপণ হিসেবে ১৬০০ রিংগিত দাবি করার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই যুবককে আটকে রাখার খবর পেয়ে তাঁর বড় ভাই গত ৮ মার্চ পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তদন্ত ও বিশেষ অভিযানে অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি গাড়ি, দুটি ওয়াকিটকি, বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন, ভুক্তভোগীর পাসপোর্টের ফটোকপি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৪১৯ ধারায় (ছদ্মবেশে প্রতারণা) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ প্রধান এম কুমার সান এই ঘটনার পর সাধারণ মানুষ এবং বিশেষ করে বিদেশি কর্মীদের নিয়োগকর্তাদের অপরিচিত ব্যক্তিদের পরিচয় যাচাই করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।









































