
ছবি: সংগৃহীত
মালদ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুইজনের মরদেহ আগামীকাল রোববার দেশে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। এদের মধ্যে প্রথম দফায় আগামীকাল মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ দেশে পৌঁছাবে। এই দুর্ঘটনায় জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় সাতজনকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেছে। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আহতদের চিকিৎসা পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রবাসীদের বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে।









































