বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৮ মার্চ ২০২৬, ২:১৪ অপরাহ্ন
শেয়ার

ঈদের আগেই ইরান থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি


iran

১৯ মার্চ প্রথম দফায় প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মুখে সেখানে অবস্থানরত কয়েক শ বাংলাদেশিকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ মার্চ প্রথম দফায় প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তেহরান ও ঢাকা কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে সরাসরি বিমান চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে। ইরান থেকে বাংলাদেশিদের প্রথমে সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। সেখান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে। এই পুরো প্রক্রিয়া তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশিদের ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান প্রবাসী সাধারণ নাগরিক ছাড়াও সেখানে দূতাবাসে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা করা হয়েছে।

  • প্রথম ধাপ: ১৯ মার্চ প্রায় ২০০ জন সাধারণ নাগরিক ফিরবেন। তবে এই দলে দূতাবাসের কোনো কর্মকর্তা বা তাদের পরিবার থাকছে না।

  • দ্বিতীয় ধাপ: পরবর্তীতে আরও ৭২ জনকে ফিরিয়ে আনা হবে।

নয়াদিল্লিতে অবস্থিত আজারবাইজান দূতাবাস এরই মধ্যে ২৭৪ জন বাংলাদেশিকে ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়ার অনুমোদন দিয়েছে। যাদের পাসপোর্ট নেই, তেহরানে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের জরুরি ভিত্তিতে ‘ট্রাভেল পাস’ দেওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস যৌথভাবে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই ভিসা ও সীমান্ত অতিক্রমের বিষয়টি সমন্বয় করছে।

রাষ্ট্রদূত এম আমানুল হক জানিয়েছেন, আজারবাইজান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে যাতে বাংলাদেশিরা দ্রুত সীমান্ত পার হয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে পারেন। সেখান থেকেই তাদের সরাসরি বিমানে তোলা হবে।