
দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন
গত ২৪ ঘণ্টায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় ৬০০টি রকেট, ড্রোন ও মর্টার শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসবের বেশিরভাগই দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে রিপোর্ট করেছে আনাদোলু।
ইসরায়েলের চ্যানেল ২৪–এর প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ড এবং দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের দিকে নিক্ষেপ করা হয়। চ্যানেলটির দাবি, অর্ধেকের বেশি হামলাই সরাসরি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বুধবার বলেন, চলতি মাসের শুরুতে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ৩,৫০০টিরও বেশি রকেট, মর্টার শেল ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে।
এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২ মার্চ থেকে ওই এলাকায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
সামরিক সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোলানি ব্রিগেডের সদস্যরা দক্ষিণ লেবাননে তথাকথিত ‘ফরওয়ার্ড সিকিউরিটি জোন’ সম্প্রসারণের জন্য লক্ষ্যভিত্তিক স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।
২ মার্চ সীমান্ত পার হয়ে হিজবুল্লাহর হামলার পর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,০৯৪ জন নিহত এবং ৩,১১৯ জন আহত হয়েছেন।
বর্তমান এই উত্তেজনা এমন এক সময় বাড়ছে, যখন ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান ইসরায়েল, মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।







































