বুধবার । এপ্রিল ১, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৩১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শেয়ার

শোবিজ ছেড়ে বিয়ের পিঁড়িতে লুবাবা


lubaba

ছবি: সংগৃহীত

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামারের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন আলোচিত সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা। জীবনের এই নতুন মোড়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন লুবাবা।

বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি। অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দ্বীনের পথে চলার সংকল্প ব্যক্ত করেছিলেন এই সাবেক তারকা।

বিয়ের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন লুবাবা। তবে ছবিতে বর কিংবা নিজের মুখ স্পষ্ট করেননি তিনি। ছবির ক্যাপশনে লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”

লুবাবার এই পরিবর্তন ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। একজন অনুসারী মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখুন।” অন্য একজন লিখেছেন, “সঠিক সিদ্ধান্ত, আল্লাহ আপনাদের ভালো রাখুন।”

পাত্রের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল থাকলেও লুবাবা এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। শোবিজ ছেড়ে ইসলামের পথে চলা এবং নতুন সংসার শুরু—সব মিলিয়ে লুবাবার জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন তার ভক্তরা।