বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

চাঁদের পথে উড়াল দিল ‘আর্টেমিস-২’


Armister2

নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস–২ মিশন সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারীকে বহনকারী মহাকাশযান ওরিয়ন চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে।

দলে আছেন— কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন। তিন পুরুষ ও এক নারীর এ দল চাঁদের কক্ষপথে মানবযাত্রার নতুন অধ্যায় রচনা করতে চলেছে।

৫৩ বছর পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠালো নাসা। এর আগে সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো–১৭ মিশনে নভোচারীরা চাঁদে গিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর আর্টেমিস–২ হচ্ছে নাসার নতুন মানববাহী চাঁদমুখী অভিযান।

মিশনটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়। ওরিয়ন মহাকাশযানটি বিশেষভাবে গভীর মহাকাশ ভ্রমণের জন্য তৈরি, যেখানে নভোচারীরা প্রায় ১০ দিন চাঁদের কক্ষপথ ঘুরে ফিরে আসবেন। তবে এই মিশনে চাঁদে অবতরণের পরিকল্পনা নেই; এটি মূলত ভবিষ্যৎ চন্দ্রাভিযানের প্রস্তুতিমূলক ধাপ।

আর্টেমিস কর্মসূচি নাসার বহু বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি উদ্যোগ, যার লক্ষ্য চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা এবং পরবর্তীতে মানুষকে মঙ্গলগ্রহে পাঠানোর পথ প্রশস্ত করা। আর্টেমিস–২ হলো এ কর্মসূচির প্রথম মানববাহী মিশন। এতে পরীক্ষা করা হবে ওরিয়নের জীবনরক্ষা ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ প্রযুক্তি ও তাপরোধী ঢালসহ গুরুত্বপূর্ণ সব উপকরণ।

এই মিশনে ব্যবহৃত এসএলএস রকেট নির্মাণ করেছে বোয়িং, বুস্টার তৈরি করেছে নর্থরপ গ্রুম্যান, আর ওরিয়ন মহাকাশযান বানিয়েছে লকহিড মার্টিন—মিশনটিতে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ লক্ষণীয়।

চার নভোচারীর মধ্যে তিনজনের আগে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে— ওয়াইজম্যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন ১৬৫ দিন, গ্লোভার ক্রু–১ মিশনে ১৬৮ দিন, ক্রিস্টিনা কোচ টানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম অবস্থানের রেকর্ড করেন। জেরেমি হ্যানসেনের জন্য এটি হবে প্রথম মহাকাশযাত্রা।

মিশনে রয়েছে কয়েকটি ঐতিহাসিক দিকও— গ্লোভার হবেন চাঁদের নিকটবর্তী অঞ্চলে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, কোচ প্রথম নারী নভোচারী হিসেবে এমন মিশনে অংশ নিচ্ছেন, আর হ্যানসেন হবেন প্রথম অমার্কিন নভোচারী, যিনি পৃথিবীর নিম্ন কক্ষপথ ছাড়িয়ে দূরে ভ্রমণ করবেন।

সূত্র: রয়টার্স