শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৪ এপ্রিল ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা’


amir-khasru

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বাণিজ্য পরিস্থিতি, বিনিয়োগের প্রধান বাধা এবং চলমান সংকট সম্পর্কে ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি মতামত নেন তিনি।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, উদ্যোক্তারা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি–বিশেষ করে সোলার পাওয়ারে সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি তুলেছেন তারা।

ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগ সহজ করতে ই–ভিসা চালু, বিমানবন্দরে ঝামেলামুক্ত প্রবেশব্যবস্থা এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।

এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার, করের আওতা বৃদ্ধি, লাইসেন্সিং সহজীকরণ এবং মাঝারি উদ্যোক্তাদের রফতানি উৎসাহে সহায়তার দিকগুলো গুরুত্বসহ উপস্থাপন করা হয়। বাণিজ্যের গতিশীলতা ফেরাতে দ্রুত গভীর সমুদ্রবন্দর চালুর কথাও জোর দিয়ে বলেন ব্যবসায়ী নেতারা।