
ফাইল ছবি
হামের প্রাদুর্ভাব বাড়ায় দেশের ১৮টি জেলার নির্বাচিত ৩০টি উপজেলায় আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, মূলত সেই সব ‘হটস্পট’ এলাকাগুলোতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচিত জেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলা। সর্বোচ্চ আক্রান্ত এলাকার মধ্যে বরগুনা সদর ও পৌরসভা রয়েছে। এছাড়া নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, ঝালকাঠি ও শরীয়তপুরসহ বেশ কয়েকটি জেলাকে এই কর্মসূচির আওভুক্ত করা হয়েছে।
ব্রিফিংয়ে মন্ত্রী আশ্বস্ত করেন যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় যারা আগে হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকি নেই। টিকাদান কেন্দ্রে শিশুদের টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে, তবে অসুস্থ শিশুরা শুধুমাত্র ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।
নির্বাচিত ৩০টি উপজেলার মধ্যে উল্লেখযোগ্য হলো—বরগুনা সদর, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া, চাঁদপুরের হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট, ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা এবং যশোরের সদর ও পৌরসভা এলাকা। এছাড়া ঢাকা বিভাগের নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং এবং শরীয়তপুরের জাজিরা উপজেলাতেও এই বিশেষ টিকাদান কার্যক্রম চলবে।










































