বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৭ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার

হামে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৬


ham

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন হামের উপসর্গ নিয়ে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই অল্প সময়ে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে ২শ ২৪ জনের শরীরে, যা গত কয়েক সপ্তাহের মোট আক্রান্তের সংখ্যাকে ১ হাজার ৩৯৮ জনে নিয়ে ঠেকিয়েছে। আক্রান্তদের মধ্যে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬ হাজার ৮৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।

বিভাগীয় ও জেলাভিত্তিক মৃত্যুর হিসেবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। মৃত ১১ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের এবং জেলা হিসেবেও ঢাকাতেই সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ২১ জনের মৃত্যু হলেও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে হামের এই বিস্তার ঠেকাতে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সঠিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং শিশুদের নিয়মিত ইপিআই টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।