বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৮ এপ্রিল ২০২৬, ৮:০২ অপরাহ্ন
শেয়ার

হামে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৪৮


ham

ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ এবং মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সংক্রমণ ঠেকাতে সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা শিশুদের জ্বর ও শরীরে লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।