
ছবি: সংগৃহীত
কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় ৯ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি একটি বাণিজ্যিক জাহাজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় কোনো দুর্ঘটনার শিকার হয়ে তারা গভীর সমুদ্রে ভাসছিলেন।
কোস্ট গার্ড জানায়, গত ৯ এপ্রিল ‘এমটি মেঘনা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়। দুপুরে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সমুদ্রে জাহাজের নাবিকরা ড্রাম ও কাঠের টুকরো ধরে কয়েকজনকে ভাসতে দেখেন। মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে জাহাজটি থামিয়ে ভাসমান ৯ জনকে উদ্ধার করে জাহাজে তুলে নেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) ভোরে জাহাজটি পুনরায় বাংলাদেশি জলসীমায় ফিরে এলে কোস্ট গার্ডের জাহাজ ‘ক্যাপ্টেন মনসুর আলী’ তাদেরকে নিজেদের হেফাজতে নেয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের প্রাথমিক ধারণা, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ট্রলারে যাত্রা করেছিলেন এই ব্যক্তিরা। মাঝপথে ট্রলারডুবি বা অন্য কোনো কারণে তারা সাগরে ভেসে যান। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত পাচারকারী চক্রকে শনাক্ত করতে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান অব্যাহত রয়েছে।











































