
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলসহ ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল ইরানে এই সফর করছে।

এদিকে ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে তারা লোহিত সাগর, উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগর দিয়ে বাণিজ্যিক চলাচল বন্ধ করে দিতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে দ্বিতীয় দিনের মতো চলমান অবরোধের ফলে সমুদ্রপথে ইরানে প্রবেশ ও বের হওয়া সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ “শেষের পথে”। তিনি শিগগিরই পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি দ্বিতীয় দফা বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন।
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংলাপ পুনরায় শুরু করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই সফরের মাধ্যমে যুদ্ধবিরতি বজায় রাখা এবং নতুন করে আলোচনা শুরু করার পথ তৈরি করার চেষ্টা চলছে।
এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়। তবে উভয় পক্ষই পুনরায় আলোচনায় বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে আন্তর্জাতিক মহল জানিয়েছে।
সূত্র: আল জাজিরা






































